অবৈধ অস্ত্র ও ভারতীয় রুপি রাখার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে আদালতে পৃথক দুইটি অভিযোগপত্র দাখিল করা হয়েছে। আমলি আদালত-৬-এর বিচারক রাজীব রায়ের আদালতে দুপুরে এই অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এসআই রেজাউল করিম।
সাতক্ষীরা আদালতের উপপরিদর্শক মোন্তাজউদ্দীন জানান, দেবহাটা থানায় সাহেদের বিরুদ্ধে অবৈধ অস্ত্র ও ভারতীয় রুপি রাখার অভিযোগে দায়েরকৃত মামলায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। ১৮৭৮ সালের আর্মস অ্যাক্টসের ১৯-এ এবং ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এর বি (এ) ধারায় শুধু সাহেদের বিরুদ্ধে এই অভিযোগপত্র দাখিল করা হয়। তবে এ মামলার অপর দুই আসামিকে অভিযোগপত্র থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১৫ জুলাই বুধবার ভোরে সাতক্ষীরার দেবহাটা উপজেলার কোমরপুর সীমান্তের লাবণ্যবতী নদীর ওপর নির্মিত ব্রেইলি ব্রিজের নিচ থেকে সাহেদকে বোরখা পরিহিত অবস্থায় গ্রেফতার করে র্যাব। এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি ও ২ হাজার ৩৩০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
