নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ

ক্ষতিগ্রস্ত পরিবারপ্রতি ৫ লাখ টাকা করে দিতে তিতাসকে নির্দেশ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৫

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আদেশপ্রাপ্তির এক সপ্তাহের মধ্যে প্রায় ২ কোটি টাকা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করতে তিতাস গ্যাস কর্তৃপক্ষকে বলা হয়েছে। ঐ অর্থ প্রাপ্তির পর তা ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে বিতরণ করতে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে আদালত। এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল বুধবার এই আদেশ দেন।

এছাড়া বিস্ফোরণে দগ্ধ ৩৭ জনের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডসহ ১৩ বিবাদীকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালত বলেছে, এতগুলো মানুষ মারা গেল, দায়িত্বে অবহেলার জন্য কাউকে না কাউকে এর দায় নিতেই হবে।

এদিকে হাইকোর্টের তাত্ক্ষণিক ক্ষতিপূরণ প্রদানের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার জজ আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। তিনি সাংবাদিকদের বলেন, বিস্ফোরণের ঘটনার দায় আসলে কার, সে বিষয়টি এখনো তদন্তাধীন। একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এখনো দায় নিরূপণ করেনি। ফলে এ আদেশ দায় নিরূপণের আগেই দায় চাপিয়ে দেওয়ার মতো। তাই এই আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করা হবে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে গ্যাসলাইন লিকেজ থেকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ মুসল্লি।