নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরীর বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ২৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছে আদালত। গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এ দিন ধার্যের আদেশ দেন।
গতকাল এ মামলায় ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য ছিল। আদালত আসামি পাপিয়াকে জিজ্ঞাসা করেন তিনি সাফাই সাক্ষী বা লিখিত কোনো বক্তব্য দেবেন কিনা? জবাবে পাপিয়া সাফাই সাক্ষী বা লিখিত বক্তব্য দেবেন না বলে জানায়। এরপর আদালত যুক্ততর্ক উপস্থাপনের দিন ধার্য করে দেয়। এ সময় রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি তাপস কুমার পাল উপস্থিত ছিলেন।
গত ৮ সেপ্টেম্বর আদালতে তদন্ত কর্মকর্তা র্যাবের উপ-পরিদর্শক আরিফুজ্জামান অসমাপ্ত জবানবন্দি শেষ করেন। এরপর আসামিপক্ষ তাকে জেরা করে। তদন্ত কর্মকর্তার সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে এই মামলার রাষ্ট্রপক্ষে ১২ সাক্ষীর সবারই সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়।
