অংশগ্রহণকারী অসুস্থ অক্সফোর্ড টিকার ট্রায়াল স্থগিত

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৬

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার যৌথ উদ্যোগে করোনা ভাইরাসের টিকাটির চূড়ান্ত পরীক্ষায় এক জন অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়েছে। এরপর ট্রায়াল স্থগিত করা হয়েছে।  ব্যাখ্যা করা যায় না, এমন অসুস্থতার কারণে এ রকম বিরতিকে রুটিন কাজের অংশ হিসেবে বর্ণনা করেছে অ্যাস্ট্রাজেনেকা। এই টিকার ফলাফলের দিকে সারা বিশ্বই তাকিয়ে রয়েছে। খবর বিবিসির

করোনা ভাইরাসের টিকা উত্পাদনে বিশ্ব জুড়ে যেসব চেষ্টা চলছে, তার মধ্যে অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিকা সবচেয়ে সম্ভাবনাময় হিসেবে দেখা হচ্ছে। সফলভাবে প্রথম ও দ্বিতীয় ধাপের পরীক্ষা সম্পন্ন হওয়ায় প্রত্যাশা করা হচ্ছে যে, এই টিকাটি সবার আগে বাজারে আসবে। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকা জুড়ে ৩০ হাজার অংশগ্রহণকারীদের ওপর তৃতীয় ধাপের পরীক্ষা চালানো হচ্ছে। তৃতীয় ধাপের পরীক্ষায় হাজার হাজার মানুষের ওপর পরীক্ষা চালানো হয়ে থাকে। অনেক সময় সেটা কয়েক বছর ধরেও চলতে পারে।

পরীক্ষার বিষয়ে কী বলা হচ্ছে?

এই টিকাটির সব ধরনের আন্তর্জাতিক পরীক্ষা স্থগিত থাকবে, যতদিন না স্বতন্ত্র একজন পরীক্ষক এর নিরাপত্তার বিষয়গুলো যাচাই করে দেখবেন। এরপর তদারকি কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবেন যে, পুনরায় পরীক্ষা কার্যক্রম শুরু করা হবে কি না। অক্সফোর্ড ইউনিভার্সিটির একজন মুখপাত্র জানিয়েছেন, বড় ধরনের পরীক্ষায় অনেক সময় অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটে। তবে সেটা অবশ্যই স্বতন্ত্র একজন পরীক্ষককে সতর্কভাবে যাচাই করে দেখতে হবে। অক্সফোর্ডের এই টিকাটির পরীক্ষা এর আগেও একবার স্থগিত করা হয়েছিল। বড় ধরনের পরীক্ষায় এ ধরনের ঘটনা অনেক সময় ঘটে থাকে। যখন কোনো অংশগ্রহণকারীর অসুস্থতার কারণ তাত্ক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয় না, তখন অনেক সময় তাদের হাসপাতালেও ভর্তি করা হয়। তবে ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যেই আবার পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। যে স্বাস্থ্য বিষয়ক সংবাদমাধ্যম প্রথম এই খবরটি প্রকাশ করেছে, সেই স্ট্যাট নিউজ জানিয়েছে, যুক্তরাজ্যের একজন অংশগ্রহণকারীর শরীরে প্রতিক্রিয়া দেখা দেয়, তাত্ক্ষণিকভাবে যার কারণ জানা যায়নি। তবে তিনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।