আয়কর মেলা না করার চিন্তা এ বছর

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ০০:৪২

করোনা পরিস্থিতিতে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে এবার আয়কর মেলা না করার চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সম্প্রতি এনবিআরের এক সভায় এ বিষয়ে আলোচনা হলেও এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এনবিআর কর্মকর্তাদের বেশির ভাগই এবারের পরিস্থিতি বিবেচনায় আয়কর মেলা না করার পক্ষে মত দিয়েছেন। এর চেয়ে কর অফিসে মেলার মতো পরিবেশে করদাতাদের সেবা দেওয়ার বিষয়ে গুরুত্ব দিয়েছেন তারা।

ঐ সভায় উপস্থিত এনবিআরের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইত্তেফাককে বলেন, কর মেলায় হাজার হাজার মানুষ উপস্থিত হন। ভিড় হয়। করোনা পরিস্থিতিতে এ ধরনের ভিড় এড়ানো কঠিন। এ কারণে কর মেলা না করার বিষয়ে মত এসেছে। এ বিষয়ে এনবিআর অর্থমন্ত্রীর পরামর্শ চাইবে।