ঝিনাইদহের শৈলকুপায় পুলিশের বিরুদ্ধে সারুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুনকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। এদিকে ওই ঘটনার ফুটেজ বুধবার সোস্যালে ভাইরাল হয়।
চেয়ারম্যান মাহমুদুল হাসান মামুন জানান, তার ইউনিয়নের পুরাতন বাখবা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দুইদল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের পাঁচজন আহত হয়। রাতে তাদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রাত সাড়ে ১১টার দিকে তিনি হাসপাতালে যান। এসময় সেখানের পুলিশ উপস্থিত ছিল। এস আই শাখাওয়াৎ তাকে দেখে এগিয়ে আসেন ও ঘুষি মেরে ফেলে দেন। উঠে দাঁড়ালে ফের ঘুষি ও ও লাথি মারেন। টানা হ্যাঁচড়ায় তার গেঞ্জি ছিঁড়ে যায়। তিনি বিষয়টি থানার ওসিকে মোবাইল ফোনে জানালে তিনিও বকাবকি করেন।
তবে শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম এ ব্যাপারে জিজ্ঞাসা করে হলে তার বিরুদ্ধে আনা অভিযোগ এড়িয়ে গিয়ে তিনি বলেন, ওই এসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার সাইদ জানান, ঘটনাটি জানার পর অভিযুক্ত এসআই শাখাওয়াৎকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/এসি
