নোয়াখালীর সেনবাগে যৌতুক দাবিতে জাহেদা খাতুন প্রকাশ মাম্মি (২০) নামের এক গৃহবধূকে হত্যার সাড়ে তিন মাস পর তার স্বামী আলী আহম্মদ প্রকাশ সোহল (৩০) ও দেবর আবুল কালাম আজাদ প্রকাশ রুবেলকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে মোবাইলফোন ট্যাকিংয়ের মাধ্যমে ফেনীর সোনাগাজীর আবতাবি পাড়ার হকদি গ্রামের সদর উদ্দিনের বাড়ি থেকে সোহেলকে ও তার স্বীকারোক্তিতে ফেনী শহরের শাহীন একাডেমি এলাকার টমটম চালক আলা উদ্দিনের বাসা থেকে রুবেলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। সেই সঙ্গে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিতেও রাজি হয়েছে। দুপুরে জবানবন্দি রেকর্ড করার জন্য তাদের নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
আরো পড়ুন: পলকের দুঃখ প্রকাশ, জানালেন কাদের
ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করার জন্য বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরের ২৭ সেপ্টেম্বর ভোরে যৌতুকের দাবিতে সেনবাগ উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের আবুল হোসেনের বাড়িতে মাম্মিকে তার স্বামী আলী আহম্মদ সোহেল, দেবর আবুল কালাম আজাদ প্রকাশ রুবেল, ভাসুর ওয়াসিম ও পরিবারের লোকজন মারধর করে এবং গলায় ওড়না পেছিয়ে তাকে শ্বাস রোধ করে হত্যা করে। পরে তার লাশ পার্শ্ববর্তী দাগনভূঁইয়া হাসপাতালে রেখে পরিবারের সবাই পালিয়ে যায়। গৃহবধূ মাম্মির ৮ মাস বয়সের ইয়াসমিন আকতার নামে একটি কন্যা সন্তান রয়েছে।
ইত্তেফাক/বিএএফ
