বুধবার কিছুটা পতন হলেও গতকাল বৃহস্পতিবার সব সূচকের উত্থানে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে। দীর্ঘ সাড়ে ১১ মাস পর সূচকটি ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। সূচকের সঙ্গে গতকাল লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। তবে টাকার পরিমাণে লেনদেন আগের দিন থেকে কিছুটা কমেছে।
জানা গেছে, গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১১ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। সূচকটি দীর্ঘ ১১ মাস ১৬ দিন বা ১৯৫ কার্যদিবস পর ৫ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। আর আগে ডিএসইর এই সূচকটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর গতকালের চেয়ে বেশি অর্থাত্ ৫ হাজার পয়েন্টে অবস্থান করছিল। গতকাল ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহসূচক ১২ দশমিক ০৮ পয়েন্ট, ডিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৩ পয়েন্ট এবং নতুন চালু হওয়া সিডিএসইটি সূচক ৬ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ১৫৮ দশমিক ৫২, ১ হাজার ৭৪০ দশমিক ২৩ ও ১ হাজার ১৬ দশমিক ২৪ পয়েন্টে।
ডিএসইতে গতকাল টাকার পরিমাণে লেনদেন হয়েছে ১ হাজার ২৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যা আগের দিন থেকে ৫৩ কোটি ৪৩ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৭৭ কোটি ৯৭ লাখ টাকার। ডিএসইতে গতকাল ৩৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১৯০টির বা ৫৩ দশমিক ৩৭ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১১৭টির বা ৩২ দশমিক ৮৫ শতাংশের এবং ৪৯টি বা ১৩ দশমিক ৭৬ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই গতকাল ৯৪ দশমিক ৪১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৮৯ দশমিক ২৬ পয়েন্টে। সিএসইতে হাত বদল হওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৪টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির দর। গতকাল সিএসইতে ২৯ কোটি ২২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
