বাতিলই হলো এএফসি কাপ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:১৬

নিজেদের কিছুটা দুর্ভাগা ভাবতেই পারে বসুন্ধরা কিংস। প্রথম বারের মতো এএফসি কাপে খেলতে গিয়ে দুর্দান্ত শুরুর পর বাজিমাতেরই স্বপ্ন দেখছিল বাংলাদেশ লিগ চ্যাম্পিয়নরা। তবে তাদের সে স্বপ্ন ভেঙে গেছে গতকাল বৃহস্পতিবার। বাতিল হয়ে গেছে চলতি মৌসুমের এএফসি কাপ, ঘোষণাটি এসেছে গতকাল। স্থগিতাদেশ বাড়ানো হয়েছে এএফসির অন্য আসর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ওপরও।

গত মার্চ থেকে স্থগিত থাকা এএফসি কাপ ফেরানোর একটা পরিকল্পনা করেছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন। এক ভেন্যুতে গ্রুপ পর্ব শেষ করে টুর্নামেন্ট পদ্ধতিতে আসর সমাপ্তির পরিকল্পনাও ছিল তাদের; কিন্তু গতকাল এক কার্যনির্বাহী বৈঠকের পর টুর্নামেন্টটিই বাতিল করে দেয় সংস্থাটি। তবে চ্যাম্পিয়ন্স লিগের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি তারা।

এর আগে গেলো মাসে এক ভেন্যুতেই গ্রুপ পর্ব আয়োজনের সিদ্ধান্ত হয়েছিল। সে সুবাদে বসুন্ধরার গন্তব্য ছিল মালদ্বীপ। এরপর কোচ অস্কার ব্রুজনের দল অনুশীলনেও নেমেছিল। এমনকি গতকালই দলের তিন দক্ষিণ আমেরিকান খেলোয়াড় হার্নান বার্কোস, রবিনহো ও জোনাথন ফার্নান্দেজ পা রেখেছিলেন বাংলাদেশে। এরই মধ্যে সিদ্ধান্ত আসে এএফসি কাপ বাতিলের।