‘রাজধানীবাসী যেন স্বস্তি পায় সেদিকে লক্ষ রেখে দায়িত্ব পালন করুন’

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

রাজধানীবাসী যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয়, সে দিকে লক্ষ রেখে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করতে সবাইকে নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় গুলশান ট্রাফিক কার্যালয় উদ্বোধন সময় তিনি এমন নির্দেশনা দেন। ডিএমপি কমিশনার বলেন, নগরবাসী যেন স্বস্তি পায়, সে দিকে লক্ষ রেখে মানবিকতার সঙ্গে বিধিবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে। ডিএমপি কমিশনার নতুন বিভাগের সব সদস্যকে শুভকামনা ও অভিনন্দন জানান। সম্মিলিতভাবে কার্যক্রম পরিচালনার মাধ্যমে আস্থা ও সন্তুষ্টি অর্জনে ট্রাফিক-গুলশান বিভাগ সফল হবে বলে আশা করেন। এ সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলমসহ ডিএমপির অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।