খিলগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণীর দুই পা বিচ্ছিন্ন হয়েছে। ওই তরুণীর নাম লাবু। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে খিলগাঁও রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। লাবু বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, লাবু পরিবারের সঙ্গে খিলগাঁও রেলগেট এলাকায় থাকেন। রেলগেট সংলগ্ন একটি চায়ের দোকান তার মামার। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে লাবু তার মামার চায়ের দোকানে যাচ্ছিল। রেললাইন পার হতে গেলে সে রেল লাইনের উপর পড়ে যায় এবং ওই সময় কমলাপুর থেকে টঙ্গিগামী একটি ট্রেন আসে। ওই চলন্ত ট্রেনের নিচে পড়ে তার বাঁ পা উরু বরাবর শরীর থেকে বিছিন্ন ও ডান পায়ের গোড়ালি কেটে যায়। পরে আশপাশের লোকজন লাবুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে তার শারীরিক অবস্থা শঙ্কটাপন্ন বলে চিকিত্সকরা জানিয়েছেন।
