ধামরাইয়ে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:০৬

ঢাকার ধামরাইয়ে একই রাতে স্বামী-স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নান্নার ইউনিয়নের জলসিন সিলেট পাড়া গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে।

নিহত জুয়েল উপজেলার নান্নার ইউনিয়নের জলসিন সিলেটপাড়া গ্রামের মো. মুনসুর ফকিরের ছেলে এবং নিহত জুয়েলের স্ত্রী নিহত রুমি আক্তার চৌহাট ইউনিয়নের চৌহাট গ্রামের মৃত জসিম উদ্দিনের মেয়ে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, জুয়েলদের পরিবারে প্রায়ই কলহ বিবাদ লেগে থাকতো। বুধবার বিকালে রুমি আক্তার তার বাবার বাড়ি থেকে জুয়েলদের বাড়িতে আসে। এরপর তারা স্বামী-স্ত্রী দুইজন খাওয়া দাওয়া করে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। 

বৃহস্পতিবার সকালে জুয়েলের বাবা-মা তাদের ডাকলে কোন সাড়া শব্দ না পেয়ে জুয়েলের বোন তার স্বামী ডেকে আনে। এরপর তারা সবাই মিলে ঘরের বেড়া কেটে ভিতরে প্রবেশ করে দেখে জুয়েলের স্ত্রী মৃত অবস্থায় পড়ে আছে আর জুয়েল তার স্ত্রীর উপর পড়ে গুঙরাচ্ছে। প্রতিবেশীরা জুয়েলকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

এই বিষয়ে জানতে চাইলে জুয়েলের বোন জামাই মো. রফিক জানান, কি করে তাদের মৃত্যু হয়েছে তা তিনি জানেন না।

ধামরাই থানার এসআই মো. আবুল খায়ের জানান, খবর পেয়ে জলসিন সিলেটপাড়া গ্রামে গিয়ে তাদের নিজ ঘর থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। তবে জুয়েলের স্ত্রীর গলায় আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে বলা যাবে এটি আত্মহত্যা না কি হত্যা।

ইত্তেফাক/জেডএইচ