যুক্তরাষ্ট্রের পশ্চিমের ৩৪ লাখ একর বিস্তীর্ণ এলাকা পুড়ে ছাই হয়ে গেছে। ১৩টি রাজ্যে বড় ধরনের ৯০টিসহ প্রায় ২০০ দাবানলে ভস্মীভূত হয়ে গেছে অনেক ঘরবাড়ি ও গাছপালা। মারা গেছে অন্তত সাত জন, যার মধ্যে এক বছরের শিশুও রয়েছে। অরেগনের পাঁচটি এবং ওয়াশিংটনের একটি শহর ধ্বংস হয়ে গেছে। খবর ডেইলি মেইল ও রয়টার্সের।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, বাতাসের কারণে দাবানলের আগুন আরো বেশি ছড়িয়ে পড়ছে। ফলে নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে। ঘণ্টায় বাতাসের গতিবেগ ছিল ৫০ মাইল। ক্যালিফোর্নিয়া, অরেগন এবং ওয়াশিংটনের বিস্তীর্ণ এলাকার কয়েক লাখ গাছ এরই মধ্যেই আগুনে ভস্মীভূত হয়েছে। ভয়াবহ সেই আগুনের ছবি পোস্ট করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তণের কারণে যে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠছে এটাই তার প্রমাণ। তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে চিন্তাভাবনা করে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকায় প্রতি বছরই জঙ্গলে আগুন লাগে। তবে এবার তা সময়ের আগেই শুরু হয়ে গেছে। আর এবারের দাবানলের আকারও অন্য বারের চেয়ে যেন বড়। আমেরিকার স্টেট ফায়ার বিভাগের হিসাবে, এ বছর প্রায় ২০ লাখ একর অরণ্য দাবানলের কবলে, যা নতুন রেকর্ড।
ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। অরেগনের গভর্নর কেট ব্রাউন বলেছেন, রাজ্যের ইতিহাসে এটাই সবচেয়ে বেশি ধ্বংস ও হতাহতের রেকর্ড। রাজ্যের অন্তত পাঁচটি শহর পুরো ধ্বংস হয়ে গেছে। বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যায়, আমেরিকার পশ্চিম উপকূলের বড় একটি অংশ ঘন ধোঁয়ায় ঢেকে আছে। ধোঁয়ার ফলে ঐসব এলাকায় দৃশ্যমানতা অনেক কমে গেছে। খানিকটা দূরের জিনিসই দেখা যাচ্ছে না। অনেক দূর থেকে ঐসব এলাকার দিকে দেখলে আগুনের কারণে আকাশ লাল হয়ে থাকতে দেখা যায়।
