সাতক্ষীরার আশাশুনিতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) বিকালে আশাশুনি উপজেলার চিলেডাঙ্গা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতের নাম শফিক (২৮)। তিনি কুমিল্লা জেলার বুরুডা থানার শ্বরাপতি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
অপরদিকে, আহত দুইজন হলেন, আশাশুনি উপজেলার বড়দূর্গাপুর গ্রামের মোস্তফা গাজীর ছেলে শহিদুল ইসলাম ও একই গ্রামের সিয়ামউদ্দীন গাজীর ছেলে ইউপি সদস্য মিজানুর রহমান।
স্থানীয়রা জানান, বিকালে আশাশুনি উপজেলা সদর থেকে মোটরসাইকেলে শফিক সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিলেন। তিনি চিলেডাঙ্গা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি মেটরসাইকেলের তার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন শফিক। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
আরও পুড়নঃ মেহেরপুরে গৃহবধূকে কুপিয়ে জখম, শরীরে শতাধিক সেলাই
অপর মোটরসাইকেলে থাকা শহিদুল ও মিজানুরকে উদ্ধার করে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার নাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/জেডএইচডি
