দুর্বৃত্তদের হাতে চলে গেছে রাজনীতি -------------মেনন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২০, ২২:২৯

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, রাজনীতি এখন রাজনৈতিক কর্মীদের হাত থেকে দুর্বৃত্তদের হাতে চলে গেছে। সাহেদ-সাবরিনা-পাপিয়াদের ঘটনা এর বাইরে কিছু নয়। দিনাজপুরে ইউএনওকে হত্যার চেষ্টা রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন ঘটেছে সেটিরই পরিণতি। গতকাল বৃহস্পতিবার দিনাজপুর জেলা ওয়ার্কার্স পার্টির বৈঠকে জুম প্ল্যাটফরমে যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, আত্মরক্ষার কথা বলে যেমন মেজর (অব.) সিনহার হত্যাকাণ্ডকে             যৌক্তিক করা যায় না, তেমনি চুরির গল্প ফেঁদে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক দুর্বৃত্তদের তত্পরতা আড়াল করা যায় না। প্রধানমন্ত্রী অপরাধীদের পক্ষ না নেওয়ার জন্য সংসদ সদস্যদের হুঁশিয়ার করেছেন। আসলে মাথা থেকেই দুর্বৃত্ত প্রশ্রয়ের এই ধারাকে বন্ধ করতে হবে। তাহলেই রাজনীতি ও সমাজ পরিশীলিত হবে।

দিনাজপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও দিনাজপুর জেলা কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন লাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পলিটব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক বলেন, সাধারণভাবে করোনা সংক্রমণ কমে এসেছে মনে হলেও শিগিগরই সেটা বিদায় হবে না।