অষ্টম দিনের মতো শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যানবাহনের চালক ও হাজার হাজার যাত্রী।
হাজারো যাত্রী বৃহস্পতিবারও বৈরী আবহাওয়ায় বাধ্য হয়ে ঝুঁকি নিয়েই লঞ্চ ও স্পিডবোটে পারাপার হয়েছেন। লঞ্চে ও স্পিডবোটে গাদাগাদি ভিড়। ঘাটে ১৪ দিন ধরে আটকে আছে পণ্যবাহী বহু ট্রাক। আটকা পড়া ট্রাকের লোকজন কষ্টে দিন যাপন করছেন। টাকার অভাবে বিকল্প পথ পাটুরিয়া যেতে পারছেন না। ফেরি চলাচল আবার শুরু করতে লৌহজং টার্নিং ও পদ্মা সেতুর ২৬ থেকে ২৪ নম্বর খুঁটি পর্যন্ত ড্রেজিং এখনো চলমান আছে।
বিআইডব্লিউটিএর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. ছাইদুর রহমান জানান, এ পর্যন্ত ৬ লাখ ৪০ হাজার ঘনমিটার পলি অপসারণ করা হয়েছে। এর পরও ফেরি চলাচল শুরু করা যাচ্ছে না। লৌহজং টার্নিং চ্যানেলে ৫ এবং পদ্মা সেতু এলাকায় দুটি বিআইডব্লিউটিএর মোট সাতটি এবং পদ্মা সেতুর একটি ড্রেজার পলি অপসারণ করছে। তবে কবে নাগাদ ফেরি সচল হবে তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
