পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্তে ‘পুলিশ অভিযোগ তদন্ত কমিশন’ (পিসিআইসি) নামে একটি স্বাধীন কমিশন গঠন করতে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের অর্ধশতাধিক আইনজীবীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির গতকাল বৃহস্পতিবার আইনসচিব, স্বরাষ্ট্রসচিব এবং পুলিশ মহাপরিদর্শক বরাবর এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে, বর্তমান আইনি কাঠামোতে পুলিশের বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তভার পুলিশের ওপরেই ন্যস্ত থাকে। ফলে বিচারের প্রাথমিক ধাপ ‘তদন্ত’ সঠিক ও নিরপেক্ষভাবে সম্পন্ন হয় না। প্রস্তাবিত পুলিশ অধ্যাদেশ ২০০৭-এর ৭১ দফায় ‘পুলিশ কমপ্লেইন্ট কমিশন’ গঠনের বিধান ছিল; কিন্তু সেই অধ্যাদেশ আজও আলোর মুখ দেখেনি। বিভিন্ন আন্তর্জাতিক আইনে পুলিশ কর্তৃক সংঘটিত অপরাধ তদন্ত করতে আলাদা কর্তৃপক্ষ বা কমিশন গঠনের জোর তাগিদ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিশ্বের অনেক দেশেই স্বাধীন ও স্বতন্ত্র তদন্ত কমিশন কার্যকর আছে।
