রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় আবুল কাশেম নামে র্যাবের এক সোর্সকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো রাতুল, মাসুদ হোসেন, রেজাউল করিম ও রুবেল হোসেন। বুধবার রাতে ঢাকা ও ঢাকার বাইরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে শেরেবাংলা নগর থানা পুলিশ। তাদের কাছ থেকে হত্যায় ব্যবহূত ছুরি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৬ সেপ্টেম্বর রাতে রাতুল ও তার তিন সহযোগী দুটি মোটরসাইকেলে করে র্যাব সোর্স আবুল কাশেমের পিছু নেয়। একপর্যায়ে তারা শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের সামনের রাস্তায় কাশেমকে ধরে ফেলে এবং তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। কাশেমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ আরো জানায়, রাজাবাজার এলাকায় এক মাস আগে কাশেম মাদক ব্যবসায়ী নুরজাহানকে র্যাবের কাছে ধরিয়ে দেন। নুরজাহানের সঙ্গে গ্রেফতার হওয়া রাতুলের অনৈতিক সম্পর্ক ছিল। এর জের ধরে রাতুল র্যাব সোর্স কাশেমকে হত্যার পরিকল্পনা করে।
