জয়পুরহাটের আক্কেলপুর সরকারি মুজিবর রহমান কলেজের এক ছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় ওমর ফারুক (২৮) নামে এক যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাহী ম্যাজিস্ট্রেট সালাহউদ্দিন আহমেদ এ রায় দেন।
দ্বন্দ্বপ্রাপ্ত ওমর ফারুক আক্কেলপুর উপজেলার তেমারিয়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওই ছাত্রীর বাড়ি একই উপজেলার সোনামুখী ইউনিয়নের একটি গ্রামে। ওমর ফারুক প্রায় তিন বছর ধরে তাকে উত্ত্যক্ত করে আসছিলো। বুধবার বিকেলে কলেজ ছুটির পর বাড়ি যাওয়ার জন্য বের হলে ওমর ফারুক তাকে উত্ত্যক্ত করে। একপর্যায়ে ওই ছাত্রী আক্কেলপুর কলেজ বাজারের মার্কেটের একটি কাপড়ের দোকানে এসে দোকানের মালিককে বিষয়টি খুলে বলেন। ওই সময় ওমর ফারুক মেয়েটির পিছু নিয়ে ওই দোকানের কাছে আসে। এ সময় জয়নাল নামে এক কাপড়ের দোকানি তাকে চড়থাপ্পর মেরে ওই ছাত্রীর পিছু নিতে নিষেধ করে। এতে ওমর ফারুক দোকান মালিক জয়নালের ওপর ক্ষিপ্ত হয়ে মারপিট করতে থাকে। এ সময় আশপাশের দোকানে থাকা লোকজন এসে ওই উত্ত্যক্তকারীকে ধরে পুলিশে সোপর্দ করেন। পরে পুলিশ ওমর ফারুককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের হাকিম ইউএনও সালাহউদ্দিন আহমেদ তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
ওমর ফারুকের দাবি, প্রায় তিন বছর ধরে ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তিনি ছাত্রীর সঙ্গে দেখা করতে এসে ফেঁসে গেছেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় বলেন, ছাত্রীকে উত্যক্তের ঘটনায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ওমর ফারুককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। সাজা ভোগের জন্য তাকে কারাগারে পাঠানো হবে।
ইত্তেফাক/বিএএফ
