ফের চালুর আশ্বাস কর্তৃপক্ষের
বিশ্ববিদ্যালয় রিপোর্টার
করোনা প্রাদুর্ভাবের শুরুতে মধ্য মার্চে বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। এর তিন মাসের মধ্যে জোবাইকগুলো ক্যাম্পাস থেকে নিয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষ। তবে এ বিষয়ে কিছুই জানে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট স্থান থেকে উধাও হওয়া এসব জোবাইকের ঠাঁই হয়েছে বনানী, গুলশান ও বারিধারা এলাকায়। গত ২৪ জুন এসব জোবাইক নিয়ে সেখানে চালু করা হয় নতুন জোবাইক স্পট। এর আগে চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকা থেকে হঠাত্ করে জোবাইক নিয়ে যায় কর্তৃপক্ষ। পরে আর ঐসব ক্যাম্পাসে ফেরত যায়নি জোবাইক। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, আলোচনা ছাড়া এসব জোবাইক ক্যাম্পাস থেকে নিয়ে যাওয়া তাদের উচিত হয়নি। প্রশাসন আছে, ক্যাম্পাস বন্ধ থাকা অবস্থায় তাদের জোবাইক নিতে হলে তারা আলোচনা করে নিতে পারত।
শিক্ষার্থীদের সমালোচনার মুখে ২০১৯ সালের ৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ডাকসু ও জোবাইক কর্তৃপক্ষের সহায়তায় জোবাইক সেবা কার্যক্রম চালু হয়। চালু হওয়ার পর নানা সংকট লেগেই ছিল। চালু হওয়ার ছয় মাসেও সংকট কাটিয়ে উঠতে পারেনি কর্তৃপক্ষ।
এ বিষয়ে জোবাইকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেদি রেজা জানান, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় সেখান থেকে জোবাইকগুলো নিয়ে এসেছি। আমরা সেগুলোর কাজ করছি। করোনা ভাইরাস পরিস্থিতির শেষে ক্যাম্পাস খুললে তখন আবার সাইকেল সরবরাহ শুরু করব। জোবাইক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম বলেন, ‘জোবাইক নিয়ে যাওয়ার বিষয়ে আমাদের তারা জানায়নি। এসব বিষয়ে তারা আমাদের সঙ্গে কখনো যোগাযোগও করেনি। তাছাড়া শুরুতে পর্যাপ্ত পরিমাণ জোবাইক থাকলেও পরবর্তীতে এসব জোবাইক কমতে শুরু করে।’
