ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর গুলশান-১-এর গুলশান শপিং সেন্টারে অগ্নিকাণ্ডে শমসের অ্যাপারেলস নামে একটি তৈরি পোশাক কারখানা পুড়ে গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের সময় কারখানাটি বন্ধ ছিল। রাত ৮টার পর গুলশান শপিং সেন্টারে বিদ্যুত্ সরবরাহ বন্ধ ও প্রতিটি ফ্লোর তালাবদ্ধ ছিল। তা সত্ত্বেও রহস্যজনকভাবে ঐ কারখানায় অগ্নিকাণ্ডে নিটিং ও কাটিং শাখা পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক দেবাশীষ বর্ধন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। ছয়তলাবিশিষ্ট গুলশান শপিং সেন্টারের ছয়তলায় শমসের নিটিং নামের প্রতিষ্ঠান থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ঐ প্রতিষ্ঠানের অনেক মালামাল আগুন থেকে রক্ষা করে। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা পলাশ মোদক বলেন, ধারণা করা হচ্ছে অগ্নিকাণ্ডে কারখানার মালামাল ও আসবাবপত্রসহ ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এটি তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। আগুনের সূত্রপাত ও কারণ তাত্ক্ষণিক জানা যায়নি। আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
গুলশান বাণিজ্যিক এলাকা থেকে তৈরি পোশাক কারাখানাগুলো অনেক আগেই সরিয়ে ফেলা হয়েছে। এরপরও শমসের অ্যাপারেল স্থানান্তর করা হয়নি। ছয়তলাবিশিষ্ট শুলশান শপিং সেন্টারটি ভেঙে সেখানে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এ কারণে মার্কেটের মালিক ভবনের প্রতিষ্ঠানগুলোকে মার্কেট ছেড়ে দেওয়ার নোটিশ দিয়েছেন। প্রতিষ্ঠানগুলো চলে যেতে না চাইলে মার্কেটের মালিকের সঙ্গে তাদের দ্বন্দ্ব শুরু হয়। এর জের ধরে শমসের অ্যাপারেলসে আগুন ধরেছে কি না, সে বিষয়টি ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি খতিয়ে দেখছে। ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, যেখানে বিদ্যুত্ সরবরাহ নেই, প্রতিটি ফ্লোর তালাবদ্ধ, সেখানে আগুন লাগার বিষয়টি রহস্যজনক।
