অনুশীলনে দুই দিনের ছুটি নিলেন সাকিব

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৩

স্পোর্টস রিপোর্টার

কঠোর গোপনীয়তা অবলম্বন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানে (বিকেএসপি) অনুশীলন করছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরে গত ৫ সেপ্টেম্বর অনুশীলন শুরু করেছিলেন সাকিব। টানা পাঁচ দিন অনুশীলনের পর দুই দিন বিরতি নিয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। জানা গেছে, বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার সাকিবের অনুশীলনে ছুটি ছিল। আজ আবার বিকেএসপিতে অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশরাফউজ্জামান গতকাল সাকিবের দুই দিন ছুটিতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল সংবাদমাধ্যমকে আশরাফউজ্জামান বলেছেন, ‘তিনি দুই দিনের ছুটি নিয়েছেন। আমরা আশা করছি তিনি শনিবার (আজ) ফিরবেন। তিনি কালকেই (আজ) আবার অনুশীলন শুরু করবে কিনা, আমরা বলতে পারছি না। এটা পুরোপুরি নির্ভর করছে তার ওপর এবং অনুশীলনের সঙ্গে জড়িত কোচদের ওপর।’

যদিও সাকিবের অনুশীলনের সঙ্গে জড়িত দেশের প্রখ্যাত কোচ ও বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে এক বছরের স্থগিতাদেশসহ দুই বছরের জন্য নিষিদ্ধ  হয়েছেন সাকিব। আগামী ২৮ অক্টোবর শেষ হবে তার নিষেধাজ্ঞা। পরদিন থেকেই মুক্ত হবেন তিনি এবং সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন।

বিকেএসপিতে মধুমতী ভিআইপি হোস্টেলে অবস্থান করছেন সাকিব। অনুশীলনের শুরুতে ফিটনেস নিয়েই কাজ করেছেন তিনি। পর্যায়ক্রমে ব্যাটে-বলে অনুশীলনও শুরু করেছেন। প্রতিষ্ঠানটির ইনডোরে ব্যাটিং করেছেন। সাবেক ছাত্রের জন্য সেন্টার উইকেটে ব্যাটিং, বোলিংয়ের আয়োজনও করেছে বিকেএসপি। পুরো অনুশীলন কার্যক্রমের দেখভাল করছেন সাকিবের ছেলেবেলার গুরু মোহাম্মদ সালাউদ্দিন।