পুলিশ হেফাজতে মৃত্যু

তিন পুলিশের দণ্ডের রায় ঐতিহাসিক --------- মার্কিন রাষ্ট্রদূত

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৩

রাজধানীর পল্লবী থানায় পুলিশ হেফাজতে জনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশের তিন কর্মকর্তাকে যাবজ্জীবন দণ্ড প্রদানের রায়কে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি লেখেন, বাংলাদেশ নির্যাতন এবং হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনের অধীনে ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ প্রথম রায় এটি। যে কোনো দেশে আইনের শাসন ব্যবস্থার জন্য সকল ব্যক্তির দায়বদ্ধতা জরুরি। নির্যাতন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম অবসানে জাতিসংঘের আহ্বানে যোগ দিন।

অন্যদিকে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধি মিয়া সেপ্পো বলেছেন, এই রায় গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে অন্যান্য ভিকটিম ও তাদের পরিবারের বিচার পাওয়ার পথ উন্মুক্ত হবে।

প্রসঙ্গত, পুলিশ হেফাজতে গাড়িচালক ইশতিয়াক হোসেন জনিকে নির্যাতন ও হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজধানীর পল্লবী থানার তিন পুলিশ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ। দণ্ডিতরা হলেন, পল্লবী থানার তত্কালীন এসআই জাহিদুর রহমান জাহিদ, এএসআই রাশেদুল হক ও এএসআই কামরুজ্জামান মিন্টু। ঐ রায়ে আদালত বলেন, পল্লবী থানা হেফাজতে রেখে জনিকে নির্মম নির্যাতন করেন আসামিরা। নির্যাতনের একপর্যায়ে জনি খাওয়ার জন্য পানি চান। কিন্তু সেসময় পানির পরিবর্তে তাকে থুথু দেওয়া হয়। থানা হেফাজতে জনিকে যে নির্যাতন করা হয়েছে তা ঘৃণ্য এবং মানবাধিকারের লঙ্ঘন। এসআই জাহিদের এই নির্যাতনের সময় বাকি দুই পুলিশ সদস্য দেখলেও তারা ভুক্তভোগীকে সহায়তা না করে অপরাধে সহায়তা করে। তাই সকলে সমভাবে অপরাধী। এজন্য তাদেরকে আইনে দেওয়া সর্বোচ্চ সাজা প্রদান করা হলো। আর একটি বিষয় সকলকেই মনে রাখা উচিত যে আইনের ঊর্ধ্বে কেউ নন।