দক্ষিণখানে পানির ট্যাংকের ওপর থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ০০:৪৪

রাজধানীর দক্ষিণখান থানাধীন আশকোনা হাজী ক্যাম্পের পাশে একটি পাঁচতলা ভবনের পানির ট্যাংকের ওপর থেকে নিচে পড়ে জুনায়েদ (৯) নামে এক স্কুলছাত্র মারা গেছে। জুনায়েদের বাবার নাম মামুন মিয়া। সে স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। 

নিহতের দাদা বলেন, আশকোনা হাজী ক্যাম্পের পাশে পাঁচতলা একটি ভবনে তারা বসবাস করেন। গতকাল বিকালে ৫টার দিকে জুনায়েদ পাঁচতলা ভবনের ট্যাংকের ওপরে উঠে। এরপর সে নিচে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক রাত ৮টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।