নিষেধাজ্ঞার মধ্যেই শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) খেলার জন্য বাংলাদেশের তারকার ক্রিকেটার সাকিব আল হাসানের নাম নিলামে তুলতে যাচ্ছে দেশটি। গুঞ্জন চলছে ক্রিকেট থেকে নিষেধাজ্ঞায় থাকা সাকিব এটা করতে পারেন কিনা। এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী একটি গণমাধ্যমকে জানিয়েছেন, সাকিবের ব্যাপারটি তাদের এখতিয়ারের বাইরে।’
নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমাদের এখানে বলার কিছু নেই। আকসুর সঙ্গে সাকিবের নিয়মিত যোগাযোগ আছে, নিশ্চয়ই কথা বলেই সাকিব পদক্ষেপ নিচ্ছেন। বাংলাদেশের অন্য যারা খেলতে আগ্রহী, তারা এখনও আমাদের আনুষ্ঠানিক কিছু জানায়নি। জানানোর পর আমরা সেটি বিবেচনা করব।’
ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নিলামে জায়গা পেয়েছেন টাইগার এই অলরাউন্ডার। বছর খানেক পরে ক্রিকেটে ফিরতে যাচ্ছেন সাকিব আল হাসান। সাকিবের এক বছরের নিষেধাজ্ঞা শেষ হতে যাচ্ছে আগামী ২৯ অক্টোবর। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজেই মাঠে দেখা মিলতে পারে এই বিশ্বসেরা অলরাউন্ডারের।
সাকিবের সঙ্গে ক্রিস গেইল, ড্যারেন স্যামি, ড্যারেন ব্রাভো, শহীদ আফ্রিদি, রবি বোপারা, কলিন মুনরোদের মতো বৈশ্বিক তারকাদের নাম রয়েছে প্রথমবারের মতো আয়োজিত এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির নিলামে। এলপিএলের প্রথম আসরের নিলামে তোলা হবে মোট ১৫০ ক্রিকেটারের নাম।
পহেলা অক্টোবর হবে নতুন এ টুর্নামেন্টের নিলাম। পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রতিটি দল ৬ জন বিদেশি ক্রিকেটার ভেড়াতে পারবেন দলে। এছাড়াও স্থানীয় ক্রিকেটার ভেড়াতে পারবেন মোট ১৩ জন করে। টুর্নামেন্টের পাঁচ ফ্র্যাঞ্চাইজির প্রত্যেকটিতে থাকবে মোট ১৯ জন করে ক্রিকেটার। ফলে সাকিবের দল পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল।
আগামী ১৪ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে এলপিএলের প্রথম আসর। পাঁচ দলের এই টুর্নামেন্টে মোট ম্যাচ সংখ্যা ২৩টি। আর ম্যাচগুলো আয়োজিত হবে মোট তিন ভেন্যুতে, যথাক্রমে ডাম্বুলা, পাল্লেকেলে ও হাম্বানটোটা।
ইত্তেফাক/এসআই
