তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবনে ডব্লিউএসআইএস পুরস্কার পেল এটুআই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২০:১৭

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

টানা সপ্তমবারের মতো তথ্যপ্রযুক্তি খাতে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২০’ অর্জন করেছে এটুআই-এর দু’টি উদ্যোগ। ই-বিজনেস ক্যাটাগরিতে ‘একশপ’ এবং ই-এমপ্লয়মেন্ট ক্যাটাগরিতে ‘দক্ষতা, কর্মসংস্থান ও এন্টারপ্রেনরশিপ বিষয়ক সমন্বিত ইন্টিলিজেন্স প্ল্যাটফর্ম’ চ্যাম্পিয়ন পুরস্কার অর্জন করেছে।

বিশ্বের শতাধিক দেশ থেকে প্রাপ্ত আবেদন থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই ও অনলাইন ভোটিং প্রক্রিয়া শেষে অনলাইনে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মোট ১৮টি ক্যাটাগরিতে আবেদন গ্রহণ করা হয়, যেখানে মোট ৭৬২ সাবমিশন থেকে ৩৫৪টি প্রকল্পকে নমিনেশন দেওয়া হয়। এর মধ্যে ৭২টি প্রকল্প চ্যাম্পিয়ন এবং ১৮টি প্রকল্প উইনার হয়, যার মধ্যে বাংলাদেশের দুইটি প্রকল্প চ্যাম্পিয়ন এবং একটি প্রকল্প উইনার হওয়ার গৌরব অর্জন করেছে।

তথ্যপ্রযুক্তি খাতে ব্যক্তি, সরকারি প্রতিষ্ঠান, নাগরিক সমাজের প্রতিনিধি, স্থানীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক এজেন্সি, গবেষণা প্রতিষ্ঠান এবং বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনগণের কল্যাণে নানা উদ্ভাবনের জন্য প্রতিবছর জাতিসংঘের আইসিটি সংক্রান্ত বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের (আইটিইউ) ডব্লিউএসআইএস পুরস্কার প্রদান করে থাকে। সারাবিশ্বে কোভিড-১৯-এর কারণে সৃষ্ট পরিস্থিতির ফলে এবছর ডব্লিউএসআইএস পুরস্কার প্রদানের অনুষ্ঠানটি অনলাইনে আয়োজন করা হয়েছে। বিজয়ীদের ক্রেস্ট এবং সার্টিফিকেট প্রেরণ করা হয়েছে। আইটিইউ কর্তৃপক্ষ ১০ সেপ্টেম্বর, ২০২০  বিজয়ী প্রকল্পসমূহের প্রতিনিধিদের নিয়ে অনলাইনে একটি ইন্টারেক্টিভ সেশন আয়োজন করেছে। উক্ত অনুষ্ঠানে এটুআই-এর প্রকল্প পরিচালক ড. মো. আব্দুল মান্নান পিএএ এবং এটুআই-এর টিম লিড রেজওয়ানুল হক জামি অনলাইনে যুক্ত ছিলেন।

ড. মো. আব্দুল মান্নান বলেন, বর্তমান সংকটকালীন পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এটুআই টেকনিক্যাল ও ভোকেশনাল বিষয় নিয়ে তরুণদের দক্ষতা উন্নয়নে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের ডিজিটাল বাংলাদেশে গড়ে তোলার লক্ষ্যে ভার্চুয়াল ক্লাস চালু করেছে। তিনি আরো বলেন, পর পর সাত বছর প্রযুক্তি খাতে অস্কার বলে পরিচিত এই ডব্লিউএসআইএস পুরস্কার অর্জন করায় আমরা গর্বিত। তিনি এটুআই-এর উদ্যোগ দু’টির সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। রেজওয়ানুল হক জামি তাঁর বক্তব্যে একশপের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তার জীবন কিভাবে পরিবর্তন হয়েছে তা সবার সামনে তুলে ধরেন।