সড়কে বিটুমিনের বদলে আরসিসি ঢালাই দেওয়ার দাবি

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৮

বৃষ্টি-বন্যাপ্রবণ সিলেট-সুনামগঞ্জ

হুমায়ূন রশিদ চৌধূরী, সিলেট অফিস

চলতি বছরের জুন ও জুলাইয়ে তিন দফা বন্যার কবলে পড়ে সিলেট বিভাগ। বন্যায় বেশি ক্ষতিগ্রস্ত হয় সিলেট ও সুনামগঞ্জের ১৯টি উপজেলার গ্রামীণ সড়কসহ বিভিন্ন অবকাঠামো। এই দুই জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে থাকা ১ হাজার ৪২১ কিলোমিটার সড়ক এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। টাকার অংকে ক্ষতির পরিমাণ অন্তত ১ হাজার ৬০ কোটি টাকা। বিটুমিনের তৈরি সড়কগুলো বৃষ্টি ও বন্যায় সহজে ক্ষতিগ্রস্ত হয় বলে হাওর ও বৃষ্টিবহুল এই এলাকায় পৃথক উন্নয়ননীতি গ্রহণ এখন সময়ের দাবি বলে জানান স্থানীয় বাসিন্দাসহ বিশেষজ্ঞরা।

সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ বলেন,  উন্নয়ন পরিকল্পনা গ্রহণের ক্ষেত্রে নীতিনির্ধারকদের এলাকার ভৌগোলিক চরিত্রকে বিবেচনায় নিয়ে আসা উচিত্। তিনি সুনামগঞ্জে আরসিসি সড়ক নির্মাণের গুরুত্বারোপ করেছেন।

এবার বন্যায় কেবল সুনামগঞ্জ জেলায় এলজিইডি আওতাধীন ৪ হাজার ৬৯০ কিলোমিটার সড়কের মধ্যে ৯ শত কিলোমিটার সড়কের ক্ষতি হয়। টাকার অংকে ক্ষয়ক্ষতির পরিমাণ ৪ শত কোটি টাকার বেশী বলে জানান সুনামগঞ্জ এলজিইডি‘র নির্বাহী প্রকৌশলী মো. মাহবুব আলম। তিনি বলেন, বৃষ্টিবহুল সুনামগঞ্জে বিটুমিন দিয়ে তৈরি সড়কের পরিবর্তে আরসিসি ঢালাই সড়কের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

এলজিইডি সূত্র জানায়, ছাতক-সুনামগঞ্জ, জামালঞ্জ-সুনামগঞ্জসহ এলজিইডির ২২ সড়কের অংশ বিশেষ ভেসে গেছে পানি তোড়ে। এসব সড়ক বিটুমিন যুক্ত ছিল।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, সিলেট ও সুনামগঞ্জে বছরে ৩ হাজার থেকে সাড়ে তিন হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়। বেশি বৃষ্টি আর উজানের ঢলে প্রতিবছর বন্যার কবলে পড়ে সীমান্তবর্তী জেলা সুনামগঞ্জের ১১টি ও সিলেটের অন্তত ৮টি উপজেলা। এ সময় নিমজ্জিত হয় শত শত কিলোমিটার পাকা সড়ক। যেগুলোর শতকরা ৯০ ভাগ বিটুমিন দিয়ে তৈরি। বৃষ্টিতে অনেক দিন ভিজে থাকার কারণে আলগা হয়ে যায় বিটুমিনের বন্ধন। যানবাহন চলাচল শুরু হলেই বিটুমিনের প্রলেপ উঠে খানাখন্দের সৃষ্টি হয়।

সিলেটের এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী এমএ লতিফ জানান, সিলেট জেলায় এলজিইডির ৭ হাজার কিলোমিটার সড়কের মধ্যে ৫২১ কিলোমিটার সড়কের ক্সতি হয়েছে। টাকার অংকে ক্ষতির পরিমাণ ২৬০ কোটি টাকা। তিনি বলেন, বৃষ্টি বহুল সিলেটে বিটুমিন রাস্থা টিকানো বেশ মুষ্কিল। আরসিসি রাস্থা নির্মাণে খরচ বেশী হলেও টেকসই। পাহাড়ের পাদদেশে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জে যেভাবে প্রতিবছর ভাঙ্গে। তাতে সেখানে আরসিসি সড়ক নির্মাণ জরুরী।