ওই তো হরিত্ ঝরনা ঝরে বনে
ওই তো ফুলে পাগল করা ঘ্রাণ—
ভোরের বেলার রৌদ্ররাঙা দিনে
ওই তো পাখি গাইছে আবার গান।
ওই তো বাতাস নদীর জলে ভিজে
কুলুকুলু ধ্বনির সাথে ভাসে
পত্রঝরা বনভূমির ছায়া—
ওই আমাদের ডাকছে অবকাশে।
ওই যে আলো গাছের পাতার ফাঁকে
খেলছে কেমন লুকোচুরি খেলা—
ওই তো পুকুর মাখছে না তার গায়ে
সকালবেলার রোদের অবহেলা।
তোমার আমার প্রাণের যত প্রেম
ওই তো নদী, ঝরনাধারা জানে!
হূদয় যখন হূদয় ছুঁয়ে থাকে
নীরবতার হাজার তখন মানে।
