নানা সমস্যায় জর্জরিত কলারোয়া পৌরবাসী!

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২১:৪৯

কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা

কলারোয়া পৌরসভায় সুপেয় খাবার পানি, ভালো পয়ঃনিষ্কাশনের অভাব রয়েছে বলে নাগরিকরা জানিয়েছেন। পৌরসভার বাসিন্দা ও শিক্ষক মোস্তফা হোসেন বলেন, ‘এখানকার রাস্তাগুলো এতই বেহাল যে কোনো অসুস্থ মানুষ বা প্রসূতি মায়ের চলাফেরা করা ভয়াবহ কষ্টের। গর্তগুলো বৃষ্টির পানিতে তলিয়ে থাকায় যানবাহন উলটে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটে। মুরারীকাঠি ঢালি পাড়া, খাঁপাড়া পড়েছে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে, এখানকার রাস্তাও জরাজীর্ণ। অধিকাংশ রাস্তায় নেই কোনো সড়কবাতি। পৌরসভার মধ্যে সামান্য ড্রেনেজ ব্যবস্থা থাকলেও ড্রেনের ওপর কোনো ঢাকনা না থাকায় ময়লা-আর্বজনায় ভরে সেগুলো দিয়ে পানি নিষ্কাশন হয় না। এ এলাকার বাসিন্দা ব্যবসায়ী মনিরুল বলেন, ‘পৌরসভা হওয়ার পর ভেবেছিলাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাব। কিন্তু দিনকে দিন সমস্যা বাড়ছে।’ পৌরসভার সচিব তুুুুষার কান্তি বলেন, পৌরসভার আয় ১৫ লাখ টাকা। এই অর্থ দিয়ে কর্মকর্তা-কর্মচারীদের বেতন দিয়ে কিছু টাকা অবশিষ্ট থাকে যেটা অতি সামান্য। এ কারণে নাগরিক সুবিধাগুলো দেওয়া কষ্টকর। যাই হোক, পৌরসভার উন্নয়নে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। পৌরসদরে বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য প্রকল্পটি গত জুন মাসে কাজ শেষ করার কথা থাকলেও ঠিকাদারের গাফিলাতির কারণে সুপেয় পানির ব্যবস্থা থেকে পৌরবাসী বঞ্চিত। রাস্তাগুলো ঠিক করার কাজও শুরু হয়েছে। বিভিন্ন সমস্যার বিষয়ে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মনিরুজ্জামান বুলবুল বলেন ‘আমি ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করছি। বর্তমানে আরো ৫ কোটি টাকার উন্নয়নকাজ চলমান রয়েছে। এগুলো শেষ হলে পৌরবাসী অনেক সুবিধা পাবেন।