চাটমোহর (পাবনা) সংবাদদাতা
চাটমোহর পৌর শহরের কালিসাগরপাড়ে শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা। চাটমোহর কুলি শ্রমিক সর্দার হাসিনুর রহমানের উদ্যোগে শের আলী বাইক সেন্টারের সহযোগিতায় এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর গ্রামের ৪০ জন লাঠিয়াল ঢোল-কর্তালের তালে বিভিন্ন কলাকৌশলের মাধ্যমে শারীরিক কসরত উপস্থাপন করেন। এ সময় অসংখ্য দর্শক চারপাশে দাঁড়িয়ে তা উপভোগ করেন। খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুয়েল মির্জা, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নুর-ই-হাসান খান ময়না, ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন স্বপন, মাছরাঙ্গা টেলিভিশনের ক্রীড়া প্রতিবেদক আবু সাদাত।
