সুবর্ণচরে গণধর্ষণ মামলায় আরো ২ আসামির স্বীকারোক্তি

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:১২

নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলায় গণধর্ষণের ঘটনায় আরো দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। বৃহস্পতিবার জেলার ২নং আমলী আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নবনীতা গুহ ১৬৪ ধারায় এ মামলার এজাহারভূক্ত আসামি স্বপন ও  ইব্রাহিম খলিল বেচুর জবানবন্দি রেকর্ড করেন। পরে তাদেরকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকালে একই আদালত গ্রেফতারকৃত অপর আসামি মুরাদকে পাঁচ দিনের রিমান্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. ইলিয়াছ শরীফ জানান, আদালতে স্বপন ও ইব্রাহিম খলিল বেচু এ ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর আগে ৭দিনে রিমান্ডে নেওয়া ৭ আসামির মধ্যে ৪ জন ও গ্রেফতারকৃত আরো দুইজনসহ বৃহস্পতিবার পর্যন্ত মোট ছয়জন আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। এছাড়া রিমান্ডকৃত রুহুল আমিন, হাছান আলী ভুলু ও বাদশা আলম বাসুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মুরাদকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

আরো পড়ুন: অফিসের আলমারিতে ঘুষের টাকা, আটক কাস্টম কর্মকর্তা

মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির পরিদর্শক জাকির হোসেন জানান, গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ৯ আসামির মধ্যে ছয়জন এবং ঘটনার সঙ্গে জড়িত আরো চারজনসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নির্যাতিত নারী আদালতে জবানবন্দিকালে ঘটনার সাথে জড়িত গ্রেফতারকৃত এ ১০জন এবং এজাহারভুক্ত পলাতক তিন আসামি ও অপর এক জনসহ মোট ১৪জনের নাম বলেছেন। মামলার এজাহারভুক্ত ২নং আসামি হানিফ, ৪নং আসামি চৌধুরী ও ৮নং আসামি মোশারফ এখনো পলাতক রয়েছে। পলাতক তিন আসামি এবং অপরজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ইত্তেফাক/বিএএফ