স্পোর্টস ডেস্ক
জায়গাটি পেতে পারতেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আপত্তিতে কলকাতা নাইট রাইডার্সে যাওয়া হয়নি তার। সেই জায়গায় কেকেআর দলে নিল যুক্তরাষ্ট্রের ডান হাতি পেসার আলী খানকে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে আলী খানই প্রথম আমেরিকান ক্রিকেটার যিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ পাচ্ছেন।
নটিংহ্যাম্পশায়ারের পেসার হ্যারি গার্নি কাঁধের ইনজুরির কারণে ছিটকে যান কয়েক দিন আগে। ফলে একজন পেসারের জায়গা খালি ছিল শাহরুখ খানের দলের। সেই জায়গায় ২৯ বছর বয়সি আলী খান ডাক পেয়েছেন।
২০১৯ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুলনা টাইটান্সের হয়ে বিপিএল খেলতে এসেছিলেন আলী খান। ইনজুরির কারণে পুরো আসর অবশ্য খেলতে পারেননি।
তিনি এখন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিয়মিত মুখ। এবার সদ্য শেষ হওয়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ৭.৪৩ গড়ে আট ম্যাচে আট উইকেট নিয়েছেন ‘ইয়র্কার মেশিন’ নমে পরিচিত এই পেসার। ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে তিনি আসরটির শিরোপা জিতেই যোগ দিচ্ছেন দুবাইয়ে, কলকাতা দলের সাথে।
আসর শুরু হবে আগামী ১৯ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে, ২০ টি আবুধাবিতে ও ১২টি শারজাতে। লিগ পর্ব শেষ হবে ৩ নভেম্বর। প্লে-অফ ও ফাইনালের সূচি এখনো চূড়ান্ত হয়নি।
