মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ নয়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:০৫

মুম্বাই হাইকোর্টের রায়

ভারতীয় সংবিধানের ১৯ নম্বর অনুচ্ছেদে যে বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে, তা শর্তহীন নয় বলে জানিয়ে দিল মুম্বাই হাইকোর্ট। বিচারপতি এস এস শিন্দে ও বিচারপতি এম এস কারনিকের বেঞ্চ শুক্রবার জানায়, বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকারকে সাংবিধানিক মাপকাঠিতে বিচার করা যায়। আনন্দবাজার পত্রিকা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও তার ছেলে তথা শিবসেনার মন্ত্রী আদিত্যের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে পালঘর জেলার এক নারীর বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে। নিম্ন আদালতে তদন্তে সহযোগিতায় প্রতিশ্রুতি দিয়ে জামিন নিলেও তিনি তা পালন করেননি বলে পুলিশের অভিযোগ। গ্রেফতার এড়াতে ঐ নারী হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু দুই বিচারপতির বেঞ্চ সেই আর্জি খারিজ করে দিয়েছে।

রাজ্য সরকারের তরফে আদালতকে প্রতিশ্রুতি দেওয়া হয়, দুই সপ্তাহের মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করা হবে না। তবে সরকারি কৌঁসুলি জানিয়েছেন, পালঘর জেলার তুলিঞ্জ ও মুম্বাইয়ের আজাদ ময়দান থানায় হাজির হয়ে তদন্তে সহযোগিতা করতে হবে অভিযুক্তকে। হাইকোর্ট জানিয়েছে, পুলিশ পক্ষপাত দেখালে অভিযুক্ত ফের আদালতের দ্বারস্থ হতে পারবেন।

ভারতীয় সংবিধানের ১৯ থেকে ২২ নম্বর অনুচ্ছেদে মৌলিক অধিকারের মধ্যে ছয় ধরনের স্বাধীনতার কথা বলা হয়েছে। তার মধ্যে অন্যতম বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতা। প্রসঙ্গত, ১৯৯৪ সালে মোহনদাস করমচাঁদ গান্ধীকে নিয়ে অশালীন ও কুরুচিকর প্রবন্ধ ছাপার অভিযোগে মুম্বাই হাইকোর্টে মামলা হয় এক পত্রিকার সম্পাদক ও সংশ্লিষ্ট প্রবন্ধ লেখকের বিরুদ্ধে। তখনো হাইকোর্ট জানিয়েছিল, বাক্স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার অধিকার নিরঙ্কুশ নয়। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান পত্রিকার সম্পাদক। কিন্তু সুপ্রিম কোর্টও হাইকোর্টের রায় সমর্থন করে বলেছিল, ভাবনাচিন্তা প্রকাশেরও সীমা রয়েছে। সম্প্রতি আদালত অবমাননায় অভিযুক্ত আইনজীবী প্রশান্ত ভূষণের ‘মত প্রকাশের স্বাধীনতার অধিকার’ সংক্রান্ত যুক্তিও খারিজ করেছে সুপ্রিম কোর্ট।