বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ফাদার টিম আর নেই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২২:২৬

নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ ফাদার রিচার্ড উইলিয়াম টিম (৯৭) আর নেই। শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় তিনি মৃত্যুবরণ করেন। কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক রঞ্জন ফ্রান্সিস রোজারিও গণমাধ্যমকে ফাদার টিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের একজন অকৃত্রিম বন্ধু ফাদার টিম অসুস্থ হয়ে হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে তিনি মারা যান। ফাদার টিম ১৯২৩ সালের ২ মার্চ যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় জন্মগ্রহণ করেন। ১৯৫২ সালে তিনি বাংলাদেশে আসেন। প্রায় সাত দশক বাংলাদেশে থেকে এদেশের শিক্ষার উন্নয়নে         বিশেষ ভূমিকা রাখেন তিনি।

ঢাকার নটর ডেম কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা এবং কলেজটির ষষ্ঠ অধ্যক্ষ ফাদার টিম। তার হাত ধরেই কলেজটিতে বিজ্ঞান বিভাগ এবং ক্লাব কার্যক্রম চালু হয়। নটর ডেম ডিবেট ক্লাব ও সায়েন্স ক্লাবের প্রতিষ্ঠাতাও ছিলেন তিনি। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ফাদার টিম মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। মুক্তিযুদ্ধের পক্ষে বিশ্ব জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। 

১৯৭০ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের সময় তিনি ছিলেন নটর ডেম কলেজের অধ্যক্ষ। সেই সময় তিনি কিছুসংখ্যক শিক্ষার্থীকে নিয়ে বিধ্বস্ত মনপুরা দ্বীপে যান। অবর্ণনীয় করুণ অবস্থা দেখে ফিরে আসেন। তারপর নটর ডেম কলেজ থেকে ছয় মাসের ছুটি নিয়ে মনপুরা দ্বীপে গিয়ে সব হারানো মানুষের জন্য কাজ করেন। ১৯৯৮ সালের ভয়াবহ বন্যাসহ বাংলাদেশে বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগে তিনি মানুষের সেবায়ও সাহায্যের হাত বাড়িয়েছিলেন।