সৈয়দপুরে এ কী ধরনের নির্মমতা, কী নিষ্ঠুরতা...

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:২৮

সৈয়দপুরে অবলা প্রাণী এক কুকুরের ওপর কী নির্মমতা কী নিষ্ঠুরতা! দেখে গা শিহরে ওঠছে মানুষের। কে বা কারা এই জ্যান্ত কুকুরের সামনের দুটি পা অর্ধেক কেটে দিয়েছে।

সৈয়দপুর শহীদ ডা. জিকরুল হক সড়কে সোস্যাল ইসলাম ব্যাংকের সামনে এবং পাহেলওয়ান সুইটস হোটেলের পাশেই এই কুকুরটি পা কাটা অবস্থায় এক জায়গায় পড়ে আছে। আগত সবাইকে  দেখছে। চোখেমুখে যেনো প্রচণ্ড ব্যথা আর অসহায়ত্ত্বের ছাপ তার, যেনো কিছু বলতে চাচ্ছে সবাইকে। কিন্তু আমরা বুঝতে পারতেছি না তার ব্যথা তার যন্ত্রণা। কিন্তু কিছু মানুষ আছে যারা এসবের যন্ত্রণা বোঝে। খারাপ মানুষ যেমন আছে, ঠিক তেমনি ভাল মানুষও পৃথিবী থেকে শেষ হয়ে যায়নি। যার উদাহরণ সোস্যাল ইসলাম ব্যাংকের ম্যানেজার ও কর্মীরা। কুকুরের এই অসহায়ত্ত্ব দেখে ম্যানেজার শাহনেওয়াজ সিদ্দিকী কুকুরের জন্য করেছেন ওষুধের ব্যবস্থা, কাটা জায়গায় লাগানো হচ্ছে মলম, দেওয়া হচ্ছে খাবার আর পানিও, শীত যেনো না লাগে তার জন্য দেওয়া হয়েছে পাটের চট।

সোস্যাল ইসলামী ব্যাংকের ম্যানেজার শাহনেওয়াজ সিদ্দিকী জানান, গতকাল বৃহস্পতিবার সকালে অফিসে এসে গেটেই এই চিত্র দেখে আঁতকে উঠি, জ্যান্ত কুকুরের কে বা কারা পা কেটে নিয়ে গেছে, তখনও কুকুরের পা থেকে রক্ত ঝরছিল, আর অবলা প্রাণীটি প্রচণ্ড ব্যথায় কাতরাচ্ছিল। পরে কর্মচারীদের বলে সেই কুকুরের জন্য ওষুধের ব্যবস্থা করি। ব্যাংকের সিকিউরিটি গার্ড শাহিন, মোতালেব আর নুরনবী সর্বক্ষণ সেই কুকুরের দেখাশুনা করছে গেটের সামনেই। সিকিউরিটি গার্ড মোতালেব জানান, স্যারের নির্দেশে কুকুরকে নিয়মিত ব্যথার ওষুধ আর ঘা শুকানোর ওষুধ পাউরুটির সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এখন ঘা অনেকটা শুকিয়েছে। তবে সামনের পা কাটা পড়ায় আর হাঁটতে পারছে না। তাই ব্যাংকের সামনেই শীত যাতে না লাগে সে জন্য পাটের চটের বস্তা বিছিয়ে দিয়েছি। আমি পাউরুটি এনে দিতেই খেতে শুরু করলো কুকুরটি। যেনো বলছে এখন থেকে আপনাদের সাহায্যেই খেতে হবে বাকি জীবন...।