করোনার ভ্যাকসিন নিয়েও যে দুর্নীতি হবে না তা বলা যায় না :মেনন

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২০, ২৩:৫১

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, খেলাপিদের হাজার কোটি টাকা ঋণ মওকুফ বা পুনর্তপশিল করতে আমরা যতটা উত্সাহী কিংবা ত্বরিত ব্যবস্থা গ্রহণ করি, করোনার ভ্যাকসিন আবিষ্কার বা ট্রায়ালে ততটা উত্সাহী নই। দেশে করোনা নিয়ে যে বাণিজ্য ও দুর্নীতি হলো এবং এখনো যা অব্যাহত; ভ্যাকসিন নিয়েও যে সেটা হবে না—তা বলা যায় না। গতকাল শনিবার ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

মেনন বলেন, পশ্চিমা দেশগুলো এমনকি পাশের দেশ ভারতও নিজেদের ভ্যাকসিন আবিষ্কারে সরকার থেকে সহযোগিতা করছে। সেখানে বাংলাদেশের গবেষকরা ভ্যাকসিন আবিষ্কারের হিউম্যান ট্রায়াল পর্যায়ে আছে বলে দাবি করলেও সে ব্যাপারে কারো উত্সাহ দেখছি না। সরকার কোনো সহযোগিতা করছে কি না—সেটিও জানা নেই। এখন যখন ভ্যাকসিন আনার কথা বলা হচ্ছে, তখন সেটা কতখানি বাণিজ্যিক, কতখানি মানবিক সাহায্য—সেটা এখনো পরিষ্কার নয়। যেটুকু বোঝা যায় তা হলো—আগামী বছরের শুরুতেও যদি ভ্যাকসিন পাওয়া যায়, তা দেশের গরীব মানুষ দূরে থাক, মধ্যবিত্তের নাগালের মধ্যেও থাকবে না।

ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে সভায় করোনাকালীন সময়ে মহানগর ওয়ার্কার্স পার্টির কার্যক্রমের বিবরণ তুলে ধরেন কমিটির সাধারণ সম্পাদক কিশোর রায়। আলোচনায় অংশ নেন জাহাঙ্গীর আলম ফজলু, মো. তৌহিদ, কাজী আনোয়ারুল ইসলাম টিপু, বাবুল খান, শাহানা ফেরদৌসি লাকী, মুর্শিদা আখতার, কাজী মাহমুদুল হক সেনা, শিউলি শিকদার প্রমুখ।