মতলবের দক্ষিণ উপজেলায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১২) ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটির মা মতলব দক্ষিণ থানায় শুক্রবার মামলা করেছেন।
পুলিশ মামলার আসামি আনোয়ার হোসেনকে শুক্রবার রাতে ঢাকা থেকে গ্রেফতার করে নিয়ে আসে।
এলাকাবাসীরা জানান, ৫ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টায় ছাত্রীটি তার বাড়ির পাশে একটি গাছ থেকে পেয়ারা পারছিল। সে সময় সেখানে গিয়ে ছাত্রীটিকে কৌশলে ডেকে আনোয়ার পাশের একটি নতুন নির্মিত দালানের পেছনে নিয়ে যায়। সেখানে একটি অব্যবহৃত খোলা টয়লেটে নিয়ে সে মুখ চেপে ছাত্রীটিকে ধর্ষণ করে।
এ সময় ছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আনোয়ার পালিয়ে যায়। স্থানীয় লোকজন ছাত্রীটিকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসে।
মতলব দক্ষিণ থানার ওসি স্বপন কুমার আইচ বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে মেয়েটিকে পরিবারের জিম্মায় রাখা হয়েছে। মামলার আসামি আনোয়ারকে শনিবার চাঁদপুর বিজ্ঞ আদালতে হাজির করলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
ইত্তেফাক/জেডএইচ
