মুলাদীতে একই রাতে দুই বাড়িতে ডাকাতি, আহত তিন

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩২

মুলাদীতে একই রাতে সাবেক সেনা সদস্যের বাড়িসহ দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। গত বুধবার গভীর রাতে কালো মুখোশধারী ৮/১০ জন ডাকাত উপজেলার গাছুয়া ইউনিয়নের দক্ষিণ গলভাঙ্গা গ্রামের বেলতলা এলাকায় সাবেক সেনা সদস্য মৌলভী আনিচুর রহমান ও আলহাজ দলিল উদ্দীন সিকদারের বাড়িতে ডাকাতি করে। এ সময় ডাকাত দলের হামলায় কমপক্ষে তিনজন আহত হয়েছে।

ডাকাতিতে আহত ইব্রাহিম জানান, বুধবার রাত ১টার দিকে মুখোশধারী একদল ডাকাত প্রথমে আলহাজ দলিল উদ্দীন সিকদারের ঘরের পূর্বপাশের দরজা ভেঙে প্রবেশ করে দলিল উদ্দীন সিকদার ও তার স্ত্রী হামিদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে ফেলে। এ সময় হামিদা বেগম ডাক চিত্কার দেওয়ার চেষ্টা করলে ডাকাতরা তাকে রামদা দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে ওই ঘরে থাকা নগদ ১০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণালঙ্কার এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। ডাকাতদল রাত ২টার দিকে পার্শ্ববর্তী সাবেক সেনা সদস্য মৌলভী আনিচুর রহমানের বাড়িতে ঢুকে ঘরের পূর্বপাশের দরজাসহ দুইটি দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় আনিচুর রহমানের পুত্র দেলোয়ার হোসেন ও নাতি ইব্রাহিম ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতরা দেলোয়ার হোসেনকে কুপিয়ে এবং ইব্রাহিমকে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে ডাকাতরা ওই ঘরে থাকা প্রায় ২৫ হাজার টাকা, দুইটি মোবাইল সেট, দুই ভরি স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। ডাকাতরা চলে গেলে আহতরা ডাকচিত্কার করলে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই মুলাদী হাসপাতালে ভর্তি করে।

সংবাদ পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মো. কামরুল আহসান, মুলাদী থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ তালুকদার গতকাল সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইদ আহমেদ জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ক্ষতিগ্রস্তরা যেভাবে অভিযোগ দেবেন সেই অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।