মাদারীপুরে সরকারি গুদামে আগুনে দুই হাজার কম্বল ভস্মীভূত

আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ২১:৩২

মাদারীপুর সদর উপজেলার একটি সরকারি গুদামে বুধবার রাতে অগ্নিকাণ্ডে প্রায় দুই হাজার রিলিফের কম্বল পুড়ে গেছে। এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুদ্দিন গিয়াসকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে। সদর উপজেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস সূত্রে জানা যায়, ত্রাণের এই সরকারি গুদামে প্রায় দুই হাজার কম্বল ছিল। বুধবার গভীর রাতে গুদামের দরজা ভেঙে দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দেয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই লক্ষাধিক টাকা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক, উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও উপজেলা কৃষি অফিসার খোকনুজ্জামানকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটির তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা রয়েছে।