উখিয়ায় সড়কের পাশে ফেলা হচ্ছে বর্জ্য

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

হুমকিতে জনস্বাস্থ্য

উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা                                                           

উখিয়ার হাটবাজার, স্টেশনসহ ব্যস্ততম এলাকার ব্যবসায়ী ও ক্রেতা-বিক্রেতাদের উচ্ছৃষ্ট বর্জ্য ফেলার সুনির্দিষ্ট কোনো জায়গা নেই। আর তাই বাধ্য হয়ে লোকালয়ের জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে বিষাক্ত বর্জ্য ফেলছে। এতে এলাকার সার্বিক পরিবেশ বিপন্নের পাশাপাশি হুমকিতে পড়ছে জনস্বাস্থ্য। প্রশাসন বলছে, জনগুরুত্বপূর্ণ এলাকায় ফেলা বর্জ্য রাখার মতো একটি স্থায়ী জায়গা বরাদ্দ দেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

উখিয়ার ব্যস্ততম সড়ক ফরেস্ট রোড ও উপজেলা গেটের সামনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, হাটবাজার, স্টেশন ও বাসাবাড়ির নানা রকম উচ্ছৃষ্ট বিষাক্ত বর্জ্য ফেলা হচ্ছে এসব জায়গায়। দীর্ঘস্থায়ী ফেলে রাখা এসব বর্জ্য থেকে মশা, মাছি উত্পত্তি ও বিষাক্ত গ্যাস নির্গত হচ্ছে বলে দাবি করে স্থানীয় পরিবেশবাদী সংগঠনের নেতা নুর মোহাম্মদ সিকদার বলেন, এসব বর্জ্যের কারণে এলাকার পরিবেশ দূষণের পাশাপাশি কুকুরের উপদ্রব বেড়েছে। উখিয়া বঙ্গমাতা ফলিজলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহাব উদ্দিন জানান, কলেজে আসার একমাত্র সড়ক পথ ফরেস্ট রোড ব্যবহার করে তার শিক্ষাঙ্গনে শত শত ছাত্রী প্রতিনিয়ত আসা-যাওয়া করছে। বর্জ্যের দুর্গন্ধে তাদের অবস্থা খারাপ হয়ে যায়। এ ব্যাপারে কলেজ গভর্নিংবডির সঙ্গে আলোচনা করে নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, এসব বর্জ্য সংরক্ষণ বা নির্ধারিত স্থানে ফেলার জন্য উপজেলা পরিষদে অতিরিক্ত কোনো বরাদ্দ না থাকলেও তিনি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনার আশ্বাস দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নিকারুজ্জামান চৌধুরী এসব বর্জ্যের ব্যাপারে অবগত থাকার বিষয়টি স্বীকার করে বলেন, পরিত্যক্ত একটি স্থানে বর্জ্য রাখার পদক্ষেপ নেওয়া হয়েছে। অবিলম্বে তা কার্যকর করা হবে।