রোমাঞ্চকর জয়ের পর ক্লপের লিডস-স্তুতি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:৩৮

ইংলিশ প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী দিনেই মুখোমুখি চ্যাম্পিয়ন লিভারপুল আর চলতি মৌসুমেই প্রথম বিভাগে উঠে আসা লিডস ইউনাইটেড। সেটা ছাপিয়ে দ্বৈরথটা ছিল দুই কোচ য়ুর্গেন ক্লপ আর মার্সেলো বিয়েলসার। দুই ক্ষুরধার ফুটবল মস্তিষ্কের দারুণ রোমাঞ্চকর এই লড়াইয়ে শেষমেশ পার্থক্যটা গড়ে দিলেন মোহামেদ সালাহ। তার হ্যাটট্রিকে ৪-৩ ব্যবধানে জয় নিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে অল রেডরা। এরপর কোচ ক্লপ দারুণ প্রশংসায় ভাসালেন প্রতিপক্ষকে।

ক্লপ-বিয়েলসা দুই জনেই বিখ্যাত চূড়ান্ত আক্রমণাত্মক ফুটবল দর্শনের জন্য। তবে সুশৃঙ্খল রক্ষণ এক্ষেত্রে এগিয়ে রেখেছিল জার্মান কোচকে। লিভারপুল এগিয়ে যাচ্ছে, লিডস আবার টেনে ধরছে শিরোপাধারীদের; পুরো ম্যাচের চিত্রটা ছিল এমনই। ৩, ২০ আর ৩৩ মিনিটে তিনবার অল রেডরা এগিয়ে গেলেও ১২, ৩০ ও ৬৬ মিনিটে লিডস সমতা ফিরিয়েছে ম্যাচে।

গেল মৌসুমে অন্তিম সময়ে ১০টিরও বেশি পয়েন্ট জিতেছিল লিভারপুল। সে স্বভাবটাই আবারও দেখায় ক্লপ-শিষ্যরা। ৮৮ মিনিটে সালাহর পেনাল্টিতে শুরুর ম্যাচে রুদ্ধশ্বাস এক জয় পায় শিরোপাধারী দলটি।

সাত গোলের রোমাঞ্চে জিতে লিভারপুল কোচ ক্লপের যেন ঘোর কাটছিলই না! প্রতিক্রিয়ায় বললেন, ‘কি দুর্দান্ত ম্যাচ! কি দারুণ প্রতিপক্ষ! এমনটা সচরাচর দেখা যায় না, আমার সত্যিই খুব ভালো লেগেছে ম্যাচটা!’

নবাগত লিডস থেকে এমন প্রতিরোধ অবাক করছে না লিভারপুলের জার্মান কোচকে। ক্লপ বললেন, ‘ম্যাচটা যে তীব্র হতে যাচ্ছে তা আমরা জানতাম। এমনটাই আমরা প্রত্যাশা করেছিলাম লিডস থেকে।’

তিনি আরো যোগ করেন, ‘অনেকেই বলেছিল লিডস আমাদের সমস্যায় ফেলতে পারে। তারা সেটা করেছিলও। আমরা তিনটা গোল করেছি, যার মানে আমরা প্রচুর ভুল করেছি! তারা আমাদের ভুল করতে বাধ্য করেছিল।’

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের তটস্থ রেখেছিল দারুণভাবে, তাও শেষ মুহূর্তের হার! কিছুটা আক্ষেপ থাকলেও ইতিবাচক দিকও দেখছেন লিডস কোচ। বিয়েলসার ভাষ্য, ‘লিভারপুল তাদের প্রতিরোধ করাটা কঠিন করে তুলেছিল। বিশেষত, দ্বিতীয়ার্ধে রক্ষণ থেকে আক্রমণে উঠতে আমরা বেশ ভুগেছি। অবশ্য আমরাও লিভারপুলকে তাদের মতো করে খেলতে দেইনি আর প্রচুর চেষ্টা করেছি। ম্যাচের একটা বড় সময় তাদের সঙ্গে সমানে সমানে লড়ে গেছি।’