ইত্তেফাক ডেস্ক
করোনা পরিস্থিতির কারণে বর্তমানে বিশ্বে হাজার হাজার ফ্লাইট বাতিল হচ্ছে প্রতিদিন। বসিয়ে রাখা হয়েছে অগণিত উড়োজাহাজকে; কিন্তু থাইল্যান্ডের ব্যাংককের একটি বিমান সংস্থা বসে থাকা উড়োজাহাজ দিয়ে বিকল্প উপায়ে উপার্জনের রাস্তা খুঁজে পেয়েছে। প্লেনের প্রতি মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে তারা এর ভেতরে রেস্টুরেন্ট চালু করেছে। বিমানের ভেতরে বিভিন্ন ক্লাসের সিটে বসে এমনকি ককপিটে পাইলটের আসনে বসেও তারা পছন্দের খাবার অর্ডার করে খেতে পারছেন। এই রেস্টুরেন্টগুলোকে বলা হচ্ছে ‘প্লেন ক্যাফে’। যারা কোনো দিন বিমানে চড়েনি তারা এক ঢিলে দুই পাখি মারতে পারেন। বিমান ভ্রমণের স্বাদ এবং রসনা বিলাস—দুটোই তাদের হাতের নাগালে। তবে খরচটা সাধারণ রেস্টুরেন্টের চেয়ে একটু বেশি এটা সহজে অনুমেয়। —এনডিটিভি
