ইত্তেফাক রিপোর্ট
অস্ত্র মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিমের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ অব্যাহত রয়েছে। গতকাল রবিবার এই মামলায় রাষ্ট্রপক্ষে চার জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন। ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ তাদের সাক্ষ্যগ্রহণ করেন। একই সঙ্গে আগামী ১৪ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেছেন। গতকাল আদালতে সাক্ষ্য দিয়েছেন পুলিশের এডিসি বদরুজ্জামান, এসআই কবির হোসেন, জনৈক চান মিয়া ও নিজামুল। এর আগে মামলার বাদীকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা।
২৭ আগস্ট অস্ত্র মামলায় সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। গত ৩০ জুলাই ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভুঁইয়ার আদালতে আসামি সাহেদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. শায়রুল।
গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব। পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে গিয়ে অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়।
