পালটে যাচ্ছে রাজশাহী সিটির সড়ক যোগাযোগ নেটওয়ার্ক

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৪

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকার সড়ক উন্নয়নে যুগান্তকারী পরিবর্তন সাধিত হতে যাচ্ছে। নগরীতে এক যোগে চারটি সড়ক প্রশস্ত ও ফোর লেনে উন্নয়নের কাজ চলছে। আরো কিছু সড়ক উন্নয়নের চলমান কাজ শেষ হলে পালটে যাবে নগরীর সড়ক যোগাযোগ নেটওয়ার্ক। এসব উন্নয়ন কাজ নিয়মিত তদারকি করছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এতে কাজের গতি ও মান ঠিক থাকছে বলে জানান সংশ্লিষ্টরা।

রাসিক সূত্র জানায়, নগরীর নওগাঁ মহাসড়কের সপুরার আলিফ লাম মীম ভাটার মোড় থেকে ছোটবন গ্রাম, মেহেরচন্ডী, বুধপাড়া, মোহনপুর হয়ে চৌদ্দপাই পর্যন্ত সংযোগ সড়ক প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৮৯ কোটি ৩৪ লাখ ৫৯ হাজার টাকা ব্যয়ে নগরীর দুটি মহাসড়কের পূর্ব-পশ্চিমমুখী ৬.৭৯৩ কিলোমিটার ফোর লেন সংযোগ সড়ক নির্মাণ করা হচ্ছে। ইতিমধ্যে সড়কের দুই পাশের ফুটপাথ, রেলওয়ে ক্রসিংয়ে নগরীর প্রথম ফ্লাইওভার, একটি ব্রিজ, আটটি কালভার্ট, মিডিয়ান ও ট্রাফিক কাঠামো নির্মাণ সম্পন্ন হয়েছে। শিগিগরই সড়কটি চলাচলের জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। সংযোগ সড়কটি চালু হলে নগরীর ক্রমবর্ধমান যানজট সমস্যা অনেকটাই লাঘব হবে। প্রকল্প এলাকায় আবাসনসহ আর্থসামাজিক অবকাঠামোর উন্নয়ন হবে।

সূত্র মতে, ১৬৪ কোটি ১৯ লাখ ২৯ হাজার টাকা ব্যয়ে নগরীর গুরুত্বপূর্ণ আলুপট্টি-তালাইমারী সড়ক ফোর লেন উন্নয়নের কাজও চলছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়ে গত ২৫ ফেব্রুয়ারি সড়কটির উয়ন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র। এই সড়কের দুই পাশে ২.২০ মিটার চওড়া ফুটপাথ নির্মাণ ও আধুনিক সড়ক বাতি স্থাপিত হবে। আগামী ডিসেম্বর নাগাদ সড়কটি প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ সম্পন্ন করতে চায় রাসিক। এই সড়কটিও নগরীর যানজট সমস্যা লাঘবে সহায়ক হবে।

সূত্র জানায়, নগরীর সাহেববাজার, মনিচত্বর থেকে ফায়ার সার্ভিস পর্যন্ত সরু সড়কটি ফোর লেনে উন্নয়নের কাজ করছে রাসিক। নগরীর ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত সড়ক ও নর্দমা উন্নয়ন প্রকল্পের আওতায় সড়কের পাশের বিভিন্ন প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর, ড্রেন ও ফুটপাত নির্মাণ শেষে সড়ক নির্মাণ করা হবে। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৮১ লাখ ১০ হাজার ৮৪৮ টাকা। আগামী বছরের মার্চে কাজটি শেষের টার্গেট রয়েছে।

এদিকে ২৬ কোটি ৭৫ লাখ টাকা ব্যয়ে নগরীর গুরুত্বপূর্ণ বিলসিমলা রেলক্রসিং হতে কাশিয়াডাঙ্গা পর্যন্ত সড়ক ফোর লেনে উন্নয়ন করা হচ্ছে। গত বছর ৩ সেপ্টেম্বর এই সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করেন মেয়র লিটন। প্রকল্পের আওতায় সড়কটি ৮০ ফুট প্রশস্ত সড়কের মাঝে ৪ ফুট চওড়া ডিভাইডার, উভয় পাশে ১০ ফুট চওড়া ফুটপাত এবং রাস্তার দক্ষিণ পাশে চওড়া সাইকেল লেন রাখা হয়েছে। ড্রেন, ফুটপাত, বাইসাইকেল লেন নির্মাণ শেষে সড়কের কাজও এগিয়ে চলেছে।

অন্যদিকে ১২৬ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার টাকা ব্যয় নগরীর উপশহর মোড় থেকে দড়িখরবোনা, কাদিরগঞ্জ, মহিলা কলেজ, মালোপাড়া পুলিশ ফাঁড়ি হয়ে সোনাদীঘি মোড় এবং মালোপাড়া বর্ণালী, হেতেমখাঁ, রাজারহাতা, মালোপাড়া ও রাণীবাজার হয়ে সাগরপাড়া পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন কাজ চলমান রয়েছে। মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এ প্রসঙ্গে বলেন, ভূমি অধিগ্রহণের বিরুদ্ধে মামলার কারণে দীর্ঘদিন কাজ বন্ধ ছিল। চলমান উন্নয়নকাজ শেষ হলে নগরীর সড়ক নেটওয়ার্ক পালটে যাবে। নগরবাসী এর সুফল ভোগ করবে।