মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার তদন্তে জড়িত কর্মকর্তারা এবং তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে দায়েরকৃত রিট আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে আইনজীবী মো. আহসান উল্লাহ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার উপস্থিত ছিলেন। আইনজীবীরা জানিয়েছেন, এখন হয়ত অন্য কোনো বেঞ্চে রিট মামলাটি শুনানির জন্য পেশ করা হবে।
এই হত্যা মামলার আসামি টেকনাফ মডেল থানার সাময়িক বরখাস্ত এসআই নন্দলাল রক্ষিতের ভাই দেব দুলাল রক্ষিত মামলার তদন্তে উঠে আসা তথ্য গণমাধ্যমে প্রকাশ না করার নির্দেশনা চেয়ে এ রিট দায়ের করেন। রিটে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিদের গণমাধ্যমের সামনে উপস্থিত না করার বিষয়েও নির্দেশনা চাওয়া হয়। রিটে স্বরাষ্ট্র সচিব, তথ্য সচিবস, পুলিশের আইজি ও র্যাবের মহাপরিচালককে বিবাদী করা হয়।
