রবিবার থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি। এই কার্যক্রম চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে গিয়ে ভর্তি হচ্ছেন। অক্টোবর থেকেই তাদের অনলাইনে ক্লাস শুরু হতে পারে।
আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক সাংবাদিকদের বলেন, অক্টোবরের প্রথম সপ্তাহে অনলাইনে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস শুরু করার পরিকল্পনা আমাদের রয়েছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে গেলে স্বাভাবিকভাবেই ক্লাস নেওয়া হবে।
আন্তঃশিক্ষা বোর্ড জানিয়েছে, ভর্তি নীতিমালা না মেনে শিক্ষার্থী ভর্তি করালে সেই কলেজের পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ কলেজের এমপিওভুক্তি বাতিল করা হবে। নীতিমালা অনুযায়ী, মফস্সলের এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বসাকল্যে ১ হাজার টাকা, জেলা সদরে ২ হাজার টাকা এবং ঢাকা মহানগর ছাড়া অন্য মেট্রোপলিটন এলাকায় ৩ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। মেট্রোপলিটন এলাকার এমপিওভুক্ত কলেজে নেওয়া যাবে সর্বোচ্চ ৫ হাজার টাকা। মেট্রোপলিটন এলাকার আংশিক এমপিওভুক্ত বা নন এমপিও বাংলা মাধ্যমের প্রতিষ্ঠানে সর্বোচ্চ সাড়ে ৭ হাজার টাকা এবং ইংরেজি ভার্সনে সর্বোচ্চ সাড়ে ৮ হাজার টাকা নেওয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ রয়েছে।
