তিন মেয়াদ ক্ষমতায় থাকতে চান ট্রাম্প

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৩৬

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের ক্ষমতার মেয়াদ নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। একজন প্রেসিডেন্ট দুই বার ক্ষমতায় থাকতে পারেন। কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনি প্রচারণায় দেওয়া বক্তব্যে মেয়াদ আরো বাড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ট্রাম্প নেভাদায় এক সমাবেশে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনকে ইতিহাসের সবচেয়ে খারাপ প্রার্থী বলে ঘোষণা দিয়েছেন। এদিকে ধনকুবের মাইকেল ব্লুমবার্গ বাইডেনের জন্য ১০০ মিলিয়ন ডলার ব্যয় করার ঘোষণা দিয়েছেন। খবর রয়টার্স ও ডেইলি মেইলের

শনিবার এক নির্বাচনি সমাবেশে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমরা আরো চার বছরের জন্য নির্বাচিত হতে যাচ্ছি। নির্বাচিত হলে আমরা সমঝোতা করব। আর যদি এভাবে চলতে পারি তাহলে আরো চার বছরের জন্য আমরা জয় পাব বলে আশা করছি।’ এর আগেও প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের ইঙ্গিত দিয়েছিলেন। যদিও মার্কিন সংবিধানে একজন ব্যক্তির দুই বার প্রেসিডেন্ট হওয়ার ক্ষমতা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কিন্তু ধারণা করা হচ্ছে, ট্রাম্প ফের প্রেসিডেন্ট হলে সংবিধান সংশোধন করে তা তিন মেয়াদে করার উদ্যোগ নিতে পারেন।

ট্রাম্প বলেন, কেবল কারচুপি করলেই ডেমোক্র্যাটরা নির্বাচনে জিততে পারেন। তিনি বলেন, বাইডেন হচ্ছেন সবচেয়ে অযোগ্য প্রেসিডেন্ট প্রার্থী, যিনি নিজেই জানেন না যে তিনি বেঁচে আছেন কি না। তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নোবেল পাওয়া নিয়ে সমালোচনা করেন। ট্রাম্প হিলারি ক্লিনটনেরও নিন্দা জানান। এদিকে ধনকুবের মাইকেল ব্লুমবার্গ প্রেসিডেন্ট নির্বাচনের প্রাইমারিতে ১ বিলিয়ন ডলার খরচ করেছিলেন। যদিও পরে তিনি সরে দাঁড়ান। ব্লুমবার্গ ঘোষণা দিয়েছেন, জো বাইডেনের জয়ের জন্য তিনি ১০০ মিলিয়ন ডলার ব্যয় করবেন।