ফেলে যাওয়া চতুর্থ শ্রেণির ছাত্রীর দায়িত্ব নিলেন বরিশালের ডিসি

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২০, ২২:৪১

সত্-ভাই কর্তৃক ফেলে রেখে যাওয়া স্বরূপকাঠীর বাসিন্দা চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার তানিয়ার (১০) দায়িত্ব নিয়েছেন বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। শনিবার সকাল ১০টার দিকে বরিশাল নদীবন্দরে শিশুটিকে কান্না করতে দেখে স্থানীয় পত্রিকার সাংবাদিক সুমন হাসান জেলা প্রশাসককে অবহিত করেন। জেলা প্রশাসক শিশুটিকে শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রে রাখাসহ তার ভরণপোষণ, লেখাপড়া এবং পুনর্বাসনের যাবতীয় ব্যবস্থা করেন।

শিশু তানিয়া জানায়, সে পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার আটঘর-কুড়িয়ানা ইউনিয়নের মাহমুদকাঠী গ্রামের আব্দুল কুদ্দুসের প্রথম স্ত্রীর ঘরের সন্তান। কুদ্দুস ঢাকায় ক্ষুদ্র ব্যবসা করেন। তানিয়া তার সত্-মা ও ভাইয়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকে। তানিয়া জানায়, চার বছর আগে তার মা মারা যায়। পরে তার বাবা আরেকটি বিয়ে করে। দ্বিতীয় স্ত্রীর (সত্-মা) আগের ঘরের একটি ছেলে (মনির) রয়েছে। বাবা ঢাকা থাকায় প্রায়ই তার সত্-মা ও ভাই তাকে নির্যাতন করে। শনিবার সকালে তানিয়াকে নানাবাড়ি পাঠিয়ে দেওয়ার কথা বলে সত্-ভাই মনির তাকে সড়কপথে বরিশাল নদী বন্দরে নিয়ে আসে। এরপর লঞ্চের টিকিট আনতে যায় মনির। কিন্তু সকাল গড়িয়ে দুপুরেও সত্-ভাইয়ের কোনো সন্ধান না পাওয়ায় শিশুটি নদীবন্দরে কাঁদতে থাকে। সে উদ্দেশ্যহীনভাবে হাঁটতে হাঁটতে নদীবন্দর এলাকা থেকে বেরিয়ে কান্না করতে থাকে। সুমন হাসান শিশুটির কাছ থেকে ঘটনা শুনে তাকে তার বাসায় নিয়ে যান ও ডিসিকে জানান। জেলা প্রশাসনের সমাজসেবা বিভাগের প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ জানান, মেয়েটির সত্-ভাইয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।