গণপিটুনিতে নিহত রেনু হত্যা মামলার চার্জশিট উপস্থাপন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২০, ০০:২৬

ছেলেধরা সন্দেহে তাসলিমা বেগম রেনু নামের এক নারীকে পিটিয়ে হত্যার মামলায় দাখিল করা চার্জশিট আদালতে উপস্থাপন করা হয়েছে। গতকাল রবিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে ঐ অভিযোগপত্র দাখিল করা হয়। পরে তিনি তাতে স্বাক্ষর করেন। এরপর মামলার বাদীকে নোটিশ দিতে আগামী ১ অক্টোবর দিন ধার্য করে দেন।

গত ১০ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আব্দুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের ডেসপাস শাখায় এই অভিযগপত্র জমা দেন। অভিযোগপত্রে মোট ১৫ জনকে আসামি করা হয়। এদের মধ্যে দুজন অপ্রাপ্তবয়স্ক কিশোর রয়েছে। তাদের বিরুদ্ধে পৃথক চার্জশিট দেওয়া হয়েছে। আর মো. মহিউদ্দিন নামে একজন পলাতক। বাকি ১২ জনের মধ্যে ইব্রাহিম ওরফে হূদয় হোসেন মোল্লাকে প্রধান আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

পদ্মা সেতু নির্মাণকাজে ‘মানুষের মাথা লাগবে’ বলে গত বছরের মাঝামাঝিতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে গুজব ছড়ানো হয়। এরপর দেশের বিভিন্ন স্থানে গণপিটুনির ঘটনা ঘটে। ঐ বছরের ২০ জুলাই ঢাকার উত্তর বাড্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে তাসলিমা রেনুকে পিটিয়ে মারা হয়। তিনি তার মেয়েকে ভর্তি করানোর জন্য সেখানে খবর নিতে গিয়েছিলেন। ঐ ঘটনায় রেনুর ভাগনে সৈয়দ নাসির উদ্দিন টিটু অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।