চট্টগ্রামে দাম বাড়ানোর আগে নগরীতে পানির প্রাপ্যতা নিশ্চিত করা, সিস্টেম লসের নামে পানি চুরি ও ভৌতিক বিল করে গ্রাহক হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষণকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, চট্টগ্রাম ওয়াসার ৫০তম বোর্ড সভায় আগামী ১ ফেব্রুয়ারি থেকে আবাসিক ও অনাবাসিক খাতে পানির মূল্য গ্রাহক প্রতি ইউনিট ৯.৪৫ থেকে ৯.৯২ পয়সায় ৫ শতাংশ বাড়ানো হয়েছে। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে ক্যাব নেতারা বলেন, ওয়াসার সরবরাহকৃত পানির ৮৮ শতাংশ গ্রাহক হচ্ছেন আবাসিক গ্রাহক। আর চাহিদার মাত্র ৪২ শতাংশ পানি সরবরাহ করতে পারে ওয়াসা। যার কারণে নগরীর অধিকাংশ এলাকায় পানির জন্য এখনও হাহাকার।
পানির প্রাপ্যতা নিশ্চিত না করে, সিস্টেম লসের নামে পানি চুরি ও অপচয় বন্ধ না করে, ভৌতিক বিল ও অতিরিক্ত বিলের নামে গ্রাহক হয়রানি বন্ধ না করে পানির মূল্য বৃদ্ধি করার কারণে সাধারণ ভোক্তাদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে। বিবৃতিতে স্বাক্ষর করেন ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের হোসাইন, চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসসিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু প্রমুখ।
